প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম (ভিজিট : ২৬)

স্বেচ্ছাসেবক দলের নেতা ইমনের নেতৃত্বে ওলামা অ্যালায়েন্সের নেতাদের ওপর হামলা হয়েছে: ন্যাশনাল ওলামা এলায়েন্স
হবিগঞ্জে আলিফের চোখ উপড়ে ফেলা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা এবং কুড়িগ্রামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক দিনার মিনহাজ ও নেত্রকোনায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শাহ আলমের ওপর হামলার প্রতিবাদে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করছিল ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে হামলার নেতৃত্ব দিয়েছে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের নেতা আমিনুল ইসলাম ইমন। মানববন্ধন চলাকালে দিনের বেলায় মশাল মিছিলের নামে লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি সেখানে মহড়া দেন। পরে তাঁরা মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দের ওপর হামলা চালান।
হামলায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ হাসানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আক্রান্ত হয়েছেন।
বর্তমানে আমিনুল ইমন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বাদ আসর রাজধানীর প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত মানববন্ধন শুরু হয়। কর্মসূচি চলাকালে ইমনের নেতৃত্বে একদল ব্যক্তি মশাল মিছিলের নামে লাঠিসোঁটা নিয়ে সেখানে মহড়া দেন। পরে তাঁরা ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দের ওপর চড়াও হয়।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি বলেন, পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ একটি কর্মসূচিতে এ হামলা হয়েছে। প্রেস রিলিজ কেড়ে নেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা ইমনের নেতৃত্বেই হামলাটি পরিচালিত হয়। হামলাকারীরা জিয়াউর রহমান ও তারেক রহমানের নামে স্লোগান দিতে দিতে আমাদের উপর নেতৃবৃন্দের ওপর আক্রমণ করে। পুলিশ পুরো ঘটনায় নিরব দর্শকের ভূমিকায় ছিল।
আশরাফ উদ্দিন মাহদি আরও বলেন, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ‘ভুঁইফোড়’ সংগঠন তৈরি করে সহিংসতার জন্য ব্যবহার করা হচ্ছে। তাঁর ভাষ্য, অতীতে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার নাম ব্যবহার করে এ ধরনের সংগঠন তৈরি করেছিল। একই ধরনের কৌশল অনুসরণ করলে বিএনপিকেও এর পরিণতি ভোগ করতে হবে।
আজকের মানববন্ধনের সভাপতিত্ব করছিলেন ওলামা এলায়েন্সের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মুফতি মাহমুদ হাসান। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। আলেম-ওলামাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।